মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে যান।
পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির বিভিন্ন ভবন, প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সশরীরে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে স্থাপনাটির বর্তমান অবস্থা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত পর্যটকদের নানা সার্বিক সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং সার্বিক পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।” বালিয়াটি জমিদার বাড়ির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। একই সাথে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের অধীন নির্মিত ৭৫ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়েটি সম্প্রতি ভারি বৃষ্টিতে ভেঙে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং তা দ্রুত মানসম্মতভাবে সংস্কারের জন্য সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কড়া নির্দেশ প্রদান করেন।
এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের ডিরেক্টর মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।
এছাড়াও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আউয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব মো. ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের অন্যতম বৃহত্তম এই বালিয়াটি জমিদার বাড়ির সঠিক সংস্কার ও আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বহুলাংশে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে। পরিদর্শনকালে সাধারণ পর্যটকদের মন্ত্রীর সাথে কুশল বিনিময় ও ছবি তুলতে দেখা যায়।
উল্লেখ্য, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িটি আয়তনের দিক থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রত্নতাত্ত্বিক জমিদার বাড়ি।