মোঃ শাহ আলম, নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরুবা পান্না এবং উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ জন বীর জুলাই যোদ্ধাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন— মো. নাজমুল হোসেন, মোঃ আসাদুল্লাহ, মোঃ আল মামুন, মোঃ দেলোয়ার, মোঃ তামিম ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, রাজিবুল হাসান, হারুন শেখ এবং মোঃ ওমর ফারুক।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সরকারিভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।