মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুরে ডিসএবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)-এর উদ্যোগে উপজেলা প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা কমিটির সভা এবং বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ভলান্টিয়ারদের মাঝে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ, এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. মাইনুল কবির। এছাড়া সংস্থার পক্ষ থেকে ডিআরআরএ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ডালিমা রহমান, সহকারী ফিজিওথেরাপিস্ট মো.শরিফ মিয়া , উপস্থিত ছিলেন।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক অধিকার সুরক্ষা, সামাজিক পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে ৭ জন ভলান্টিয়ারের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিশুদের সেবার মান উন্নত করতে এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করতেই ডিআরআরএ-এর এই উদ্যোগ। জানা যায়, দৌলতপুর উপজেলায় মোট ৬০ জন ভলান্টিয়ার প্রতিবন্ধী শিশুদের নিয়ে একীভূত সমাজ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিআরআরএ-এর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শুভকামনা ব্যক্ত করেন। চুক্তি অনুযায়ী সাইকেল ব্যবহার করে ভলান্টিয়াররা যেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।