নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি(বালক) ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বতাপূর্ণ ও টানটান উত্তেজনার খেলায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয়। প্রতিযোগিতায় রানার্সআপ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়কে।
বিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কষ্টার্জিত এই জয়ের জন্য আমি বিজয়ী দলের সকল খেলোয়াড় ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
খেলা শেষে বিজয়ী ও বিজয়ী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, শিক্ষক ও শিক্ষার্থীদের বিপুল সমাগম ঘটে।