জহির মাহমুদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি মামলায় নান্নু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার জিয়নপুর, আবুডাঙ্গা, মান্দাতার ও বানিয়া ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে উল্লেখিত এলাকাগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মোট ছয়টি ড্রেজারের সন্ধান পাওয়া যায়। পরে ড্রেজারগুলোর বালু উত্তোলনের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নান্নু মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।