সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোবাইল কোর্টের অভিযানে শাহআলম (৫৫) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহআলম ওই এলাকার তরফ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জান্না উত্তরপাড়া এলাকায় মোবাইল কোর্টের এক অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে শাহআলমকে হাতেনাতে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাহমুদুল ইসলাম।
অভিযান শেষে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল ইসলাম বলেন,সমাজ থেকে মাদকের মতো ব্যাধি পুরোপুরি নির্মূল করতে উপজেলা প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই কঠোর নজরদারি ও মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চলবে।”