ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল পাটগ্রাম কলোনিতে সাপের কামড়ে মো. সাহেদ (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, যোগাযোগব্যবস্থার সংকটে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। নিহত সাহেদ পাটগ্রাম কলোনির কোহিনুর ইসলামের ছেলে ও আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় মামাবাড়িতে বসে মোবাইলে ছবি দেখা ও লুডু খেলার সময় সাহেদকে সাপে কামড় দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় এক ঘণ্টা সময় কাটানোর পর তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাহেদের বাবা কোহিনুর ইসলামের অভিযোগ, সন্ধ্যার পর চরাঞ্চলে নিয়মিত নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহনের জন্য রিজার্ভ নৌকা পাওয়া কঠিন। সাহেদকে হাসপাতালে নিতে একটি ছোট মাছ ধরার নৌকা জোগাড় করতে সময় লাগে এবং যাতায়াতেই প্রায় এক ঘণ্টা চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম চরাঞ্চলে রাতের জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা না থাকায় সাপের কামড়সহ বিভিন্ন জরুরি রোগীর চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হয়। তারা রাতে নৌযান ও দ্রুত রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।