নিজস্ব প্রতিবেদক,
দেশের সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের ভাসিয়ালী-কৃষ্টপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতাধীন পানির উৎস স্থাপন কাজ পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্থাপিত একটি গভীর নলকূপ সরাসরি ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার সার্বিক অগ্রগতি ও কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়ে তাঁদের বিশুদ্ধ পানির সংকট ও দৈনন্দিন প্রয়োজনের কথা শুনেন।
প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি স্পষ্ট করে বলেন, “জনগণের সুপেয় পানির মৌলিক চাহিদা পূরণ করা সরকারের অগ্রাধিকার। যেসব এলাকায় পানীয় জলের সংকট তীব্র, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিশ্চিত করতে হবে যেন একটি মানুষ কিংবা একটি এলাকাও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত না থাকে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময়কালে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন,সাটুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আজিজুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও ফুকুরহাটী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।