নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন (৫৩), একই ইউনিয়নের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিক মিয়া (৪৫), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম (৩৯) এবং সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।