সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে বেআইনিভাবে ওষুধ বিক্রির অপরাধে ৮টি দোকানকে ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০ সেপ্টেম্বর ২০২৬( রবিবার) দুপুর ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত দোকানগুলোকে মোট ১৬,৫০০ (ষোল হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল কসমেটিকস বিক্রি বন্ধে আমাদের এ অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”