মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার কলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিমাইখালী ঈদগাহ মাঠ থেকে টেপড়ি হাই স্কুল পর্যন্ত সড়কের দুপাশের জঙ্গল ও আগাছা পরিষ্কারের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশ জঙ্গলে ছেয়ে থাকায় টেপড়ি হাই স্কুল ও বিকেএস হাই স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছিল এবং যানবাহন চলাচলে চরম অসুবিধা হচ্ছিল। বিষয়টি বিকেএস হাই স্কুলের সহকারী শিক্ষক রফিক সাহেব দৌলতপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ রবিজ্জল হোসাইনকে অবহিত করেন।পরবর্তীতে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর দিকনির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। ইঞ্জিঃ রবিজ্জল হোসাইন দৌলতপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, টেপড়ি গ্রামের তরুণ প্রজন্ম ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে আলোচনা করে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেন। স্থানীয় তরুণ, যুব সমাজ ও ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তার দুপাশের সমস্ত আগাছা ও জঙ্গল কেটে পরিষ্কার করা হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আবদুস সালাম। তিনি এই মহতী ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে দৌলতপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিঃ রবিজ্জল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অতীতের যেকোনো আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে ভোটের মাঠে দৌলতপুর উপজেলা যুবদল যেভাবে জনগণের মন জয় করেছে, ঠিক তেমনি সদাসর্বদা আমরা ভালো কাজে জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ।” উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজে আমাকে পাশে থাকার সুযোগ দিলে, আগামীতে কলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। যুবদলের এমন জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পথচারী ও সাধারণ মানুষ।