নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।
মানিকগঞ্জের শিবালয়ে মাদক সরবরাহ করতে এসে ২ হাজার পিস ইয়াবাবড়িসহ জাহানারা খাতুন (৪১) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সলেমানের স্ত্রী। তিনি বর্তমানে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। শুক্রবার জমদুয়ারা এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে কাছের একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে শিবালয় থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। স্থানীয়দের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেন যে, তিনি বিগত প্রায় এক মাসে ওই এলাকার চিহ্নিত চক্রের কাছে কয়েক দফায় ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয় এবং তার কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই মাদক কারবারের সাথে জড়িত মূল চক্রটিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।