নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।
দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত প্রতিহতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাদের অতীত ইতিহাস খুন, গুম, লুণ্ঠন ও মানুষের কণ্ঠরোধের—তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়, তবে মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।’ তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে পটকা-ককটেল বিস্ফোরণ ও ব্যানার টাঙিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মহলে আলোচনার মাধ্যমে বঙ্গোপসাগরের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি খাতের কথা তুলে ধরে মন্ত্রী দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলের চেয়ে বর্তমানে সার বেশি মজুত রয়েছে এবং প্রতিটি উপজেলায় পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পর্যায়ে আলোচনার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে অস্থিতিশীলতার প্রতিবাদের অংশ হিসেবে আয়োজিত একটি মিছিলে যোগ দেন মন্ত্রী ও বিএনপি নেতাকর্মীরা।