আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে রাতের আঁধারে কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনের ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকার নবনির্মিত আইসিটি ভবনের পূর্ব পাশে কৃষক সাদেক মিয়ার বাগানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সাদেক মিয়া ঘিওর সদর ইউনিয়নের নদীর উত্তরপাড় এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাদেক মিয়া জানান, ৩০ শতাংশ বন্ধকি জমিতে রোপণ করা ২৭০টি পেঁপে গাছ থেকে কাস্তে ও হাত দিয়ে ছিঁড়ে প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে নষ্ট করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। একই সাথে বিক্রির জন্য জমিয়ে রাখা ৬ কেজি ওজনের অন্তত ৪০টি বড় পেঁপে চুরি করে নিয়ে যায় তারা। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে বাগানে গিয়ে পুরো ক্ষেতজুড়ে পেঁপে ছড়ানো-ছিটানো দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, “আমার স্বপ্ন তছনছ হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠে নতুন করে ঘুরে দাঁড়ানো কঠিন। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছেলের অঝোর কান্না দেখে মা অজিফা খাতুনও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে তিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় সরাসরি উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম জানান, বিষয়টি সম্পূর্ণ আইনগত বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত। ইতোমধ্যেই এ বিষয়ে থানায় যোগাযোগ করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকের মায়ের হাতে সরকারি বরাদ্দের চাল, ডাল, আটা ও লবণ তুলে দেন ইউএনও।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।