নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
: শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও বৈষম্য থেকে শিশুদের রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) খায়রুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইফতেখারুল আলম এবং শিশু প্রতিনিধি প্রযত রায় ও লাইসা রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের কার্যক্রম ভার্চুয়ালি মানিকগঞ্জে প্রদর্শন করা হয়।