জহির মাহমুদ দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ইলিশ মাছ একজন অসহায় দরিদ্র ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমাইয়া আক্তার তন্নী বলেন যে মৎস্য সম্পদ সংরক্ষণ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অবৈধভাবে মাছ আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।