জহির মাহমুদ দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৩৮টি চায়না দুয়ারি জাল ও প্রায় এক কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ একজন অসহায় ও দরিদ্র ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে মৎস্য দপ্তর।