বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবাট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।
গত সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে সাটুরিয়া থানাধীন কামতা এলাকার ‘নাহার গার্ডেন’-এর প্রধান ফটকের সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—সাটুরিয়া উপজেলার কামতা এলাকার আ. খালেকের ছেলে মোয়াজ (২৪), খল্লী হিন্দু পাড়া এলাকার মো. মোস্তফা আহমেদের ছেলে মো. ইয়ামিন আলী (২৮) এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার হাতকোড়া এলাকার ইজ্জত আলীর ছেলে মো. মোজাম্মেল হোসেন ওরফে মোজা (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এসআই (নি.) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামি মোয়াজের কাছ থেকে ৫০ পিস, ইয়ামিন আলীর কাছ থেকে ৪৫ পিস এবং মোজাম্মেলের কাছ থেকে ৪০ পিসসহ মোট ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।