নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়ায় “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক বৃদ্ধি মহড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, সাটুরিয়ার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া তাবাসসুম, মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে হয়তো সম্পূর্ণ রোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও সঠিক সচেতনতার মাধ্যমে ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। পরিবার থেকেই আমাদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো আপদকালে আতঙ্কিত না হয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।