নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মানিকগঞ্জকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে নতুন শাড়ি দেওয়া হচ্ছে, যাতে উপকারভোগীরা আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন। পর্যায়ক্রমে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সরকারের পাশে থেকে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে ধানকোড়া ইউনিয়নসহ মানিকগঞ্জ সদর উপজেলার মোট ১৯২ জন দুস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।