মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে লায়ন্স ক্লাব অফ ঢাকা ড্রিম সিটি দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা দিকে শুরু হয় স্বাস্থ্যসেবা কার্যক্রম। লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি সিআরপি মানিকগঞ্জের ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এই উদ্যোগে।

এখানে সাধারণ চিকিৎসা, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপির মত চিকিৎসা দেওয়া হয়েছে । পাশাপাশি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগও। সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে।
চিকিৎসা শেষে রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধও। আয়োজকদের হিসেবে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ এদিন চিকিৎসাসেবা গ্রহণ করেন।
একজন বৃদ্ধা ছমিরন বেগম বলেন, ‘আমি অনেক দিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছি, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা নিতে পারছিলাম না। আজ বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম, খুব উপকার হলো। এমন কার্যক্রম নিয়মিত হলে তাদের মতো দরিদ্র মানুষদের অনেক উপকার হবে ‘

আয়োজক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি মানবতার সেবা মানেই জীবনের শ্রেষ্ঠ কাজ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকতে পারাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।’
শুধু চিকিৎসা নয়, বিকেলে আয়োজন করা হয়েছে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম। অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, চিকিৎসার পাশাপাশি একটি সবুজ ও টেকসই সমাজ গড়ে তুলতে তাঁরা নিয়মিত এমন উদ্যোগ নেবেন।
এই স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুসন, যারা বিশেষভাবে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে। কার্যক্রমে সহযোগিতা দিয়েছে সিআরপি মানিকগঞ্জ। যারা স্থানীয় পর্যায়ে পুনর্বাসন ও থেরাপি সেবায় ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও ক্লাব ডাইরেক্টর লায়ন শামসুর রহমান, সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন ইজাজ আহমেদ, সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম এবং প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মুহাম্মদ মাছুদুল হক।
তারা সবাই উদ্যোগটিকে সমাজের প্রতি এক ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও সেবামূলক কর্মসূচি নেওয়ার আহ্বান জানান।