হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের দুটি টিম আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরিবারের দাবি এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৫ জানুয়ারি (রোববার) দুপুরের দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে উপজেলার বাহিরচর পূর্বপাড়া গ্রামের মোঃ রহিমের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুনে প্রতিবেশী মোঃ রশিদের বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে এতে রশিদের একটি টিনের ঘরসহ ঘরে থাকা সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতিবেশি মোঃ শামসুল ইসলাম জানান, পাশের বাড়ির চুলা থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এতে করে রশিদের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পরে এবং বাড়ির পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। কিন্তু পরিবারের একটি টিনের থাকার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।