মানিকগঞ্জ প্রতিনিধি
“কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে হবে। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে হলে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরও বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে বিজয়ী করতে হবে। আর সেই বিজয় নিশ্চিত করতে হলে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। মানুষের দুঃখ-কষ্ট শুনতে হবে এবং বিএনপির রাজনীতি ও লক্ষ্য জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। বিএনপিই পারে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে। তাই প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যেতে হবে।”
প্রচারণা সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রেখে প্রচারণা চালানোর আহ্বান জানান।
এই সময় সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূরতাজ আলম বাহার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাবেক হোসেনসহও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে গঙ্গাধরপট্টি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।