নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। চাল পেয়ে আসন্ন ঈদের আগে পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
বৃহস্পতিবার (১২মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সামনে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ উপস্থিত থেকে সরাসরি দুস্থদের হাতে চাল তুলে দেন।

ঈদ উৎসবের আগে সরকারি এই সহযোগিতা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। চাল নিতে আসা এক বৃদ্ধা বলেন, “সামনে ঈদ, এই সময়ে ১০ কেজি চাল পাওয়ায় খুব উপকার হইলো। পরিবার নিয়া অন্তত শান্তিতে দুই বেলা ভাত খাইতে পারুম।”
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ জানান, সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় প্রকৃত অভাবী ও কার্ডধারী পরিবারগুলোকে এই সুবিধা দেওয়া হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে স্বচ্ছতার সাথে এই বিতরণ কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন সাবেক সাটুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক,উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মেহেদী হাসান আরিফ, হরগজ ইউনিয়ন পরিষদের প্যানেলে চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ট্যাক অফিসার শরিফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মোল্লা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।