প্রতিনিধি, মানিকগঞ্জ
সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি মহোদয়ের মাতা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আলেম-ওলামারা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তারা মরহুমা হুরন নাহার রশিদের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্নেহশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, এলাকার সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে বিশাল আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, মরহুমা হুরন নাহার রশিদের জীবন ছিল মানবিকতা, সহমর্মিতা ও সমাজসেবার উজ্জ্বল উদাহরণ। মানুষের কল্যাণে তার অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।