নিজস্ব প্রতিবেদক
অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই সেতুটি অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউপি-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের চেইনেজে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। এই সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের কৃষি ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান।
এ ছাড়া এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের তত্ত্বাবধানে এই সেতুটি নির্মিত হচ্ছে। বরাইদ ইউপি-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে নির্মিতব্য ৩৩৬.৪ মিটার দীর্ঘ এই সেতুটি বরাইদ ইউনিয়ন এবং ছনকা বাজারের মধ্যে সংযোগ স্থাপন করবে। সেতুটি চালু হলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ও কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।