নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ।
মানিকগঞ্জে আয়োজিত ‘ইতিবৃত্ত ২০২৬’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘জেলা প্রশাসন বিতর্ক কাপ’-এ সাফল্য অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতার মাধ্যমিক শাখায় (নবম-দশম) জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে ১ম স্থান অধিকার করেছে বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্রী মাইফা রহমান। একই সাথে ‘জেলা প্রশাসন বিতর্ক কাপ’-এর ফাইনাল পর্বে জেলা পর্যায়ে রানার্সআপ স্থান নিশ্চিত করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং যুক্তিবাদী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মেধা ও মননে আরও সমৃদ্ধ করবে।”
এই সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই দ্বিমুখী সাফল্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।