সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপিত হয়েছে।
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর জীবনী ও আদর্শের উপর আলোচনা সভা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানসহ শিক্ষকমন্ডলী , শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহানবী (সা:)-এর সুমহান জীবন, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং শান্তির বার্তা অনুসরণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।