বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতালে নিতে বিলম্ব সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত: বাজার থেকে জরুরি প্রত্যাহারের নির্দেশ সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: সুমন মিয়ার ৬ মাসের কারাদণ্ড শিবালয়ে উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ প্রতারণা মামলায় দৌলতপুরে দলিল লেখকসহ পাষণ্ড মা রুমা আক্তার কারাগারে সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান কালীগঙ্গায় অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদ করায় হামলা: ঘিওরে আহত অন্তত ৮

বিনামূল্যে মানসম্মত শিক্ষা ও কারিগরি দক্ষতা: সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অনন্য দৃষ্টান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার

নিজস্ব প্রতিবেদক।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় না কোনো টিউশন ফি। বিনামূল্যে পড়াশোনার সুযোগের পাশাপাশি সাফল্য আসছে ফলাফলেও। সাটুরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলেও টানা সেরাদের তালিকায় রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

​সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে। নিজস্ব আয় ও সম্পদের ওপর নির্ভর করে পরিচালিত এই প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকার নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার প্রধান আশার আলো হয়ে উঠেছে।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৭১৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং পাঠদানে নিয়োজিত রয়েছেন ২২ জন শিক্ষক।
​বিদ্যালয়ের মূল বিশেষত্ব হলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি না নেওয়া। বিদ্যালয়ের নিজস্ব জমি এবং স্থানীয় সাপ্তাহিক হাটের ইজারা থেকে অর্জিত আয় দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক ব্যয় ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্বাহ করা হয়।
​শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহারেও বিদ্যালয়টি এগিয়ে। সরকারের ‘স্কুল অব ফিউচার’ কর্মসূচির আওতায় বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক স্মার্ট বোর্ড। এছাড়া রয়েছে দুটি উন্নত ডিজিটাল ল্যাব, যার একটি স্থাপন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে। ২০১৯ সাল থেকে চালু হওয়া কারিগরি শিক্ষার আওতায় শিক্ষার্থীরা ভোকেশনালে বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছে।
​প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনাও বেশ গোছানো। ছেলে ও মেয়েদের জন্য প্রয়োজন অনুযায়ী আলাদা শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। একই শ্রেণির শিক্ষার্থীদের একাধিক শাখায় ভাগ করে পাঠদান করা হয়, যাতে শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ দিতে পারেন। নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা নিজেরাও অংশ নেয়। এ বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।
​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আ,খ, ম, নুরুল হক বলেন, “মুক্তিযুদ্ধের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই অঞ্চলের পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলাম। কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই মূলনীতিতেই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। নিজস্ব সম্পদ ও আয়ের সুষম ব্যবহার নিশ্চিত করে আমরা আজীবন বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান করে যেতে চাই।”
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান জানান, “আমাদের প্রধান উদ্দেশ্য শুধু টিউশন ফি মুক্ত শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের যুগোপযোগী ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। বিদ্যালয়ের নিজস্ব আয়কে কাজে লাগিয়ে ভবিষ্যতেও শিক্ষার সুযোগ এবং পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।”
​স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানান, কোনো ধরনের টিউশন ফি ছাড়া ডিজিটাল ল্যাব, আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগ প্রত্যন্ত গ্রামীণ অবকাঠামোতে বিরল ঘটনা। হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টি নিজস্ব সামর্থ্য কাজে লাগিয়ে কীভাবে শিক্ষা বিস্তার করা যায়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker