মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবযোগদানকৃত ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, “উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই আমার মূল লক্ষ্য। দৌলতপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন—এই প্রত্যাশা করি। মাদকমুক্ত ও অপরাধমুক্ত দৌলতপুর গড়তে প্রশাসন ও গণমাধ্যম সবসময় একসাথে কাজ করবে।”
স্বাগত বক্তব্যে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ নতুন ইউএনও-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দৌলতপুরের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় স্থানীয় সাংবাদিক সমাজ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আশা করি, আপনার সুদৃঢ় নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যার কথা লেখনীর মাধ্যমে প্রশাসনের সামনে তুলে ধরার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক সালমান খান ও সাংবাদিক আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ