মোঃ শাহ আলম, নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ২ এম্পুল নেশার ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) আটককৃতদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
আজ সোমবার (৩ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দাশড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামিরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার সিরাজুল হক বিল্লালের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহুল (২২) এবং বোয়ালিয়া এলাকার মো. ফরিদের ছেলে মহিবুর (২০)।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১ গ্রাম হেরোইন এবং ২ এম্পুল নেশার ইনজেকশন উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম আটক আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। মামলার শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।