মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হরিরামপুর – বলড়া সড়কের পিপুলিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান জেলার শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণকল্যাণ ট্রাস্ট’-এ কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় তার কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হরিরামপুর – বলড়া সড়কের পিপুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক বা চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।