নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে ড্রেজার বা যন্ত্র দিয়ে বালু উত্তোলনকালে মুজিবুর রহমান (৪৫), পিতা: ময়নাল হক, সাং: আকাশী পূর্বপাড়া, তিল্লি, সাটুরিয়া-কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে