নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা প্রশাসন, সাটুরিয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষে পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসন শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।