মোঃ শাহ আলম , স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ওষুধে অনিয়ম প্রতিরোধে যৌথ অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে দৌলতপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের ওষুধ দোকানগুলোতে তদারককালে মোদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে “ওষুধ ও কসমেটিক আইন ২০২৩”-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় অভিযুক্ত ৩টি ফার্মেসিকে মোট ১৭,০০০/- (সতেরো হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ও বাজারে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।