নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সোনাই বেগম (২৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে মহাসড়কের জাগীর নামক স্থানে এসিআই মোটরস লিমিটেডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সোনাই বেগম মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার সোনামিয়ার মেয়ে এবং শামীম হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী একটি অজ্ঞাত গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে সোনাই বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মাতুব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক গাড়ি ও এর চালক পালিয়ে গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।