সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ওষুধ ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসিগুলোতে অনিয়ম প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ এবং নিয়মমাফিক সেবা নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি পৃথক মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ফার্মেসিগুলোতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে আমরা নিয়মিত তদারকি করছি। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্মাবৃন্দ উপস্থিত ছিলেন।