বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ:
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আন্দোলনের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত এবং গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গণআকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; অন্যথায় জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমির হুমায়ূন কবির, সদর থানা আমির ফজলুল হক এবং এবি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনীসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ।