নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ মোশাররফ হোসেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সম্মাননা প্রদান করা হয়।
জুলাই/২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম -এর হাত থেকে তিনি ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় মানিকগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মোঃ মোশাররফ হোসেনের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান। এই কৃতিত্বকে তিনি থানার সকল সহকর্মী এবং সাটুরিয়া উপজেলার আপামর জনসাধারণের আন্তরিক সহযোগিতার ফসল হিসেবে গণ্য করেন।
এই সম্মাননা ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, মোঃ মোশাররফ হোসেন সাটুরিয়া থানায় যোগদানের পর থেকেই জনবান্ধব পুলিশিং এবং এলাকায় অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে আসছেন।
একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এএসআই (নি:) মো: রুবেল আহম্মেদ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন।