নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
জীবনের সুদীর্ঘ সময় কেটেছে মেহনতি ও অসহায় মানুষের পক্ষে কলম ধরে। অন্যের অন্যায়, অবিচার আর দুঃখ-কষ্টের কথা সংবাদের পাতায় ফুটিয়ে তুলে যিনি বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, আজ নিয়তির নির্মম পরিহাসে সেই মানুষটিই হাসপাতালের বিছানায় নিঃশব্দে যন্ত্রণায় কাতরাচ্ছেন। জীবনযুদ্ধের এক কঠিন ও বিষাদময় মোড়ে এসে দাঁড়িয়েছেন মানিকগঞ্জের প্রবীণ কলম সৈনিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘিওর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা মোঃ শফি আলম।
দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সার, কিডনি জটিলতা ও হৃদরোগসহ নানাবিধ ব্যাধির সাথে লড়াই করছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। বর্তমানে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের এক বিষণ্ণ শয্যায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছেন।
মানিকগঞ্জের সাংবাদিক মহলে অত্যন্ত সজ্জন, নিরহংকারী ও সৎ হিসেবে পরিচিত মোঃ শফি আলম সারাজীবন মানুষের ভালোবাসাকে সম্বল করেই পথ হেঁটেছেন। কিন্তু মরণব্যাধি রোগের চিকিৎসায় পৈতৃক ভিটেমাটি আর জীবনের জমানো শেষ সম্বলটুকুও আজ নিঃশেষ হয়ে গেছে। বর্তমানে তাঁর চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করা এবং জীবন রক্ষাকারী ওষুধ কেনার মতো কোনো অর্থই পরিবারটির হাতে নেই। অর্থাভাবে চোখের সামনে প্রিয় মানুষটির তিলে তিলে নিভে যাওয়া দেখে পরিবারের সদস্য ও স্বজনদের কান্না যেন কোনো বাধা মানছে না।
আজ সময় এসেছে এই নিরলস সংবাদকর্মীর পাশে দাঁড়ানোর। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—কবি ভূপেন হাজারিকার এই চিরন্তন আহ্বানকে অন্তরে ধারণ করে আসুন আমরা সবাই শফি আলমের পাশে গিয়ে দাঁড়াই। আমাদের এক ফোঁটা সহানুভূতি, একটুখানি ভালোবাসা আর সামান্য আর্থিক সহযোগিতাই পারে একজন মানুষের জীবন বাঁচাতে; তাঁর অসহায় পরিবারের চোখে ফুটে তুলতে পারে নতুন আশার আলো।
যে কলমটি সারাজীবন অন্যের অধিকার আদায়ে সোচ্চার ছিল, আজ সেই কলমের মালিকের বাঁচার আকুতি পূরণ করার দায়িত্ব আমাদের সবার।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): ০১৮১৫-৭২৭৩২২