নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে সানোয়ার নামে এক সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জান্না বাজারের ওই সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সার নামধারী ভেজাল সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা ১৭ অনুযায়ী দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের জেল প্রদান এবং ভেজাল সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম,সাটুরিয়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে সার সরবরাহ ও মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।