সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই গ্রামের মৃত শমসের আলীর নাতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নানার বাড়িতে সোহেল রানা মাদকাসক্ত অবস্থায় নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তিনি বসতঘরের দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় তাণ্ডব চালান। পরবর্তীতে আজ বুধবার সকালে ভুক্তভোগী মা প্রতিকার চেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় অভিযুক্ত সোহেল রানাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং এলাকায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে অভিযুক্ত যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।