আল মামুন, নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী কালি নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
তেরশ্রী স্পোর্টিং ক্লাবের আহবায়ক মোঃ কাইসুল হক পলাশ ঠাকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ টিটু প্রধানের ধন্যবাদান্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মানিক ।
টুর্নামেন্টে মুখোমুখি হয়ে তরা একতা ক্রীড়া সংঘ ঘিওর মানিকগঞ্জ ১ ও জালাই পাইকেল ফুটবল একাডেমী নাগরপুর টাঙ্গাইল ২ গোলে বিজয়ী হন । খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
এসময় প্রধান অতিথি এস এ জিন্নাহ কবির বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।