নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুকে ইভটিজিং এবং শারীরিক স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে ৬ সেপ্টেম্বর (রোববার) হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, শিশুটিকে ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনায় তার নানি বাদী হয়ে মামলা করেছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।