মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুরে প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী নদী এবং নিলুয়া জলাশয়সহ উপজেলার বিভিন্ন স্থানে সর্বমোট ২৭০ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, “আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলাশয়গুলোকে দূষণমুক্ত রাখা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে স্থানীয়দেরও একযোগে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ সুরাইয়া আক্তার তন্নী।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মৎস্যবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।