সাটুরিয়া( মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. সুমন মিয়া (৩৫) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া একই এলাকার চুন্নু মিয়ার ছেলে।
সাটুরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হরগজ শিমুলিয়া এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন সুমন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে সাটুরিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।