নিজস্ব প্রতিবেদক,
মানিকগঞ্জের পার্শ্ববর্তী ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় কোনো আঘাত না পেয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে সাদিয়া নামে ৬ বছরের এক শিশু।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইল জেলার জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) এবং সিএনজি চালক জুয়েল (৪০)।
দুর্ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক জুয়েলের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামে ৬ বছরের শিশুটি অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত ও সুস্থ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে। সাটুরিয়া থানা পুলিশ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।