নিজস্ব প্রতিবেদক,
মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘরের ভিতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও দেড় বছরের সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন ইকরাম হোসেন। শনিবার ঘরের ভেতর প্রথমে স্ত্রী ও পরে দেড় বছরের সন্তানকে হত্যা করেন তিনি। এরপর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
পারিবারিক কোনো কলহ বা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।