নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে অবশেষে অবসান ঘটলো ১২টি পরিবারের টানা পাঁচ দিনের অবরুদ্ধ জীবনের। সকালে ভুক্তভোগী এলাকাবাসীর জোরালো প্রতিবাদ ও মানববন্ধনের পর বিকেলেই সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে খুলে দেওয়া হলো বন্ধ করে রাখা পুরোনো চলাচলের পথটি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নদীর উত্তরপাড় এলাকার আমছের আলী ও বাচ্চু মিয়াসহ অন্তত ১২টি পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এ পথটি। তবে জমির সীমানা নিয়ে স্থানীয় আমীর ও মোফাজ্জল গংদের সাথে বিরোধের জের ধরে গত পাঁচ দিন আগে বাঁশের বেড়া দিয়ে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, শিশু, প্রবীণ ও আশঙ্কাজনক রোগীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয় এবং পরিবারগুলো কার্যত নিজ ভিটায় বন্দি হয়ে পড়ে।
যাতায়াতের অধিকার ফিরিয়ে পাওয়ার দাবিতে বুধবার সকাল ১১টায় স্থানীয় নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ সর্বস্তরের বাসিন্দারা হরগজ নদীর উত্তরপাড় এলাকায় এক মানববন্ধনে অংশ নেন। এ সময় ভুক্তভোগীরা অবিলম্বে বেড়া অপসারণ করে স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
প্রতিবাদের সংবাদ পৌঁছানোর পরপরই বিষয়টি দ্রুত আমলে নেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তাঁর তাৎক্ষণিক নির্দেশনায় বিকেলেই ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া অপসারণ করে যাতায়াতের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।
পথ উন্মুক্তকরণের সময় উপস্থিত ছিলেন হরগজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “উপজেলা প্রশাসন জনস্বার্থ রক্ষা ও জনভোগান্তি নিরসনে সবসময়ই সচেষ্ট। সকালে খবরটি জানার পরপরই আমরা দ্রুত সরেজমিনে গিয়ে পথটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেছি।”
প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে। দ্রুত সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।