মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ভরাটের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি)প্রবীর বিশ্বাস।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাই স্কুলের নিকটবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চরমাস্তুল হাই স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি ভরাট করছিলেন স্থানীয় মিজানুর রহমান জুমন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি ভরাটের সত্যতা পাওয়ায় ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে দ্রুত ড্রেজারের পাইপ ও সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, জনস্বার্থে এবং অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।